ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইউক্রেনের বেকারিতে রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণে ১৩ জনের প্রাণহানি

ইউক্রেনের একটি বেকারিতে রাশিয়ার সেনাবাহিনীর চালানো আক্রমণে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কিছু মানুষ। পূর্ব ইউরোপের দেশটির রাজধানী কিয়েভ থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে অবস্থিত মাকারিভ শহরের একটি শিল্প বেকারিতে চালানো হামলায় হতাহতের ঘটনাটি ঘটে।


ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার (৭ মার্চ) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তথ্যটি জানিয়েছে।


ইউক্রেনের মাকারিভ শহরের স্থানীয় জরুরি সেবা বিভাগ বলছে, সোমবার রাশিয়ার চালানো এই হামলার সময় বেকারিতে ৩০ জন অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। আক্রমণের পর ধ্বংসস্তূপের নিচে থেকে পাঁচজনকে জীবিত অবস্থাতে উদ্ধার করা হয়। আল-জাজিরা অবশ্য ওই হামলার তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।


গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রুশ সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম রাষ্ট্র হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই আক্রমণ শুরু করে। এক সঙ্গে তিন দিক থেকে হওয়া ওই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে বৃষ্টির মতো রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে।


সর্বাত্মক আক্রমণ শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামরিক অবকাঠামোর বাইরে রুশ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন লাখ লাখ ইউক্রেনীয়।


জাতিসংঘের তথ্য অনুযায়ী- ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ইউক্রেনজুড়ে রুশ আক্রমণ শুরুর পর দেশ ছেড়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পালিয়ে যাওয়া ইউক্রেনীয়দের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে গেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑